চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে পৃথকভাবে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গোপালগঞ্জে মোতায়েন করা ছয় প্লাটুন বিজিবি প্রসঙ্গে বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে বিজিবি সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন। জেলার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখাই এই মোতায়েনের মূল লক্ষ্য।
মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল কাজ করছে। এই সেলের মাধ্যমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন ইমপ্রোভাইজড ডিভাইসের সাহায্যে পাওয়া সরাসরি ভিডিওচিত্র বিশ্লেষণ করে প্রযুক্তিগত নজরদারি চালানো হচ্ছে।
শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে ও আইনশৃঙ্খলার স্বার্থে বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে সর্বোচ্চ সতর্কতায় তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন বলে শরীফুল ইসলাম জানিয়েছেন। যেকোনো ধরনের অরাজকতা রুখতে মাঠপর্যায়ে বিজিবির এই কঠোর তৎপরতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

















