জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়। এর মাধ্যমে আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হলো।
এর আগে মঙ্গলবার বিকেলে সংসদের চতুর্থ অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার জানান, গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্তে তিনি স্বাক্ষরসহ পদত্যাগপত্রটি পাঠান, যা তিনি ১৫ নভেম্বর গ্রহণ করেন। নিয়মানুসারে, পদত্যাগপত্র গ্রহণের সময় থেকেই সংশ্লিষ্ট সদস্যের আসনটি শূন্য হিসেবে গণ্য করা হয়েছে। সংসদে স্পিকার বলেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনি এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত প। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’’।
স্পিকার আরও উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী, আসনটি শূন্য হওয়ার এই বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো। সংবিধানের বিধান অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকেই কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে বলে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে, ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ২০০১ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

















