যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামক এই সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
শিকাগো সিটি কাউন্সিলের অনুমোদনে এই নামকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন, যা পরবর্তীতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রোববার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বৃষ্টিমুখর আবহাওয়াতেই নামফলক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতা ও এই উদ্যোগের উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ এবং কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হকসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
এই সড়কটি শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের পাশেই অবস্থিত, যা আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বিশ্বখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি ‘এফ আর খান’ হিসেবে সমাদৃত। এই ঐতিহাসিক ভবনের পাদদেশে বাংলাদেশের নেত্রীর নামে সড়কের ফলক স্থাপনকে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সড়কটির নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও অবদানের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জনগণের রায়ে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বড় ব্যবধানে জয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবনায় বিশেষভাবে উল্লেখ করা হয়। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’ নামে।

















