ইরানের সামরিক সক্ষমতার চাপে পড়ে যুক্তরাষ্ট্র তাদের প্রচলিত কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির গোয়েন্দা বিভাগ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্রমবর্ধমান প্রতিরোধ ও পাল্টা হামলার সক্ষমতার মুখে মার্কিন বাহিনী তাদের অবস্থানগত কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। এর আওতায় মার্কিন সেনাসদস্যদের ছড়িয়ে দেওয়া, সামরিক সরঞ্জামের অবস্থান পরিবর্তন এবং গোপন বা ভূগর্ভস্থ স্থাপনায় অধিকতর নির্ভরতার মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি জনগণের অদম্য সাহস ও কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে ওয়াশিংটনের প্রথাগত সামরিক মোতায়েন ব্যবস্থা বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল ও অকার্যকর হয়ে পড়েছে। সেন্টকমের বিভিন্ন ঘাঁটি খালি ও নিষ্ক্রিয় করা, নিরাপত্তার খাতিরে জর্ডানে সেনা স্থানান্তর এবং গোয়েন্দা নজরদারির সরঞ্জামগুলোকে আরও দূরবর্তী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়টি ওয়াশিংটনের ওপর বড় ধরনের আর্থিক ও কৌশলগত চাপ সৃষ্টি করেছে।
আইআরজিসি স্পষ্ট করেছে যে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ তাদের ওপর ক্রমবর্ধমান চাপের প্রতিফলন। মূলত ইরানের কাছাকাছি অঞ্চলে নিজেদের প্রথাগত ও দৃশ্যমান সামরিক উপস্থিতি ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা তাদের বর্তমান সামরিক কার্যক্রমকে জটিল করে তুলছে।

















