গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের বিষয়ে নীরবতা ও ইসরায়েলপন্থি নীতির প্রতিবাদে জার্মান পার্লামেন্টের সামনে থেকে দেশটির জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। রোববার ‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ নামের একটি সংগঠনের কর্মীরা এই কর্মসূচি পালন করেন। সংগঠনটি জানিয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জার্মান রাজনীতিবিদদের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করাই ছিল তাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। আর মানবাধিকার যদি সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হয়, তাহলে তার অর্থ কী।
সংগঠনটির সদস্য অ্যারন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ফিলিস্তিনে সংঘটিত গণহত্যার বিষয়ে নীরব থাকা বা পরোক্ষভাবে সমর্থন জোগানোর মধ্য দিয়ে বিভিন্ন দেশের সরকার জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করছে না। অ্যারনের মতে, বিশ্বের যেকোনো প্রান্তের গণহত্যা মানবতাকে প্রভাবিত করে, তাই এই ধরনের অপরাধ রোধে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। তিনি জার্মান জনগণের উদ্দেশে প্রশ্ন রাখেন যে, যদি আবারও গণহত্যা ঘটার সুযোগ দেওয়া হয়, তবে ‘আর কখনো নয়’ শীর্ষক অঙ্গীকারের আর কী মূল্য থাকে? সেই সাথে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সমতা নিয়েও তিনি তীব্র সংশয় প্রকাশ করেন। সরকারগুলো আন্তর্জাতিক আইন মেনে না চললে সেই আইনের মূল্যই বা কী।
অ্যারন আরও বলেন, যখন বাস্তবেই জীবন নরকতুল্য হয়ে ওঠে, তখন নাগরিক সমাজের দায়িত্ব হলো নিজেদের অবস্থান পরিষ্কার করা এবং সবার জীবনের সুরক্ষায় সোচ্চার হওয়া। এই কর্মসূচিটি মূলত সেই দায়বদ্ধতার অংশ হিসেবেই পালন করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, এ ঘটনার পরপরই বার্লিন পুলিশ ঘটনাস্থল থেকে তিন অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় প্রতীক অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সংগঠনটি তাদের কার্যক্রম এখানেই থামিয়ে দিচ্ছে না; বরং তারা আগামী দিনগুলোতে জার্মান সরকারের ইসরায়েল নীতি এবং দেশটিতে অব্যাহত অস্ত্র সরবরাহের বিরুদ্ধে কঠোর বিক্ষোভের ঘোষণা দিয়েছে। বিশেষ করে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের বিরুদ্ধে তারা কর্মসূচি পালনের পরিকল্পনা করছে, যেখানে ইসরায়েলে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ এবং বার্লিনে অবস্থিত তাদের কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধের দাবি তোলা হবে। রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতীককে অবমাননার অভিযোগে তদন্তও শুরু হয়েছে।

















