আজ সোমবার ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অধিবেশন আহ্বান করেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন শুরু করতে হয়। সেই নিয়ম মেনেই এবারের অধিবেশন তলব করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনটি তুলনামূলক সংক্ষিপ্ত হবে। জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এবার সময় কম রাখা হয়েছে। এই অধিবেশনে প্রায় পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনাও অনুষ্ঠিত হবে।
অধিবেশনের কর্মপন্থা ও সময়সূচি নির্ধারণে গত রোববার জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।
অধিবেশন সামনে রেখে সংসদ সদস্যদের কাছ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তরের জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর উত্তরের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে। এছাড়া, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন, যা উপস্থিত সদস্যরা সমর্থন করেছেন।

















