দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ইমেইল মারফত একটি চিঠি এসেছে, যেখানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন করা হয়েছে। লন্ডনভিত্তিক আইন সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স এই চিঠিটি পাঠিয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, চিঠিটি আসলেই শেখ হাসিনার কি না, তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। কারণ, ওই চিঠিতে হাসিনার নিজস্ব কোনো অনুমোদনের প্রমাণ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
এ বিষয়ে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পলাতক শেখ হাসিনাকে নতুন কোনো পাসপোর্ট দেওয়া হবে না। আইনি প্রক্রিয়া অনুযায়ী, পলাতক কোনো আসামির জন্য পাসপোর্ট পাওয়ার কোনো অবকাশ নেই। একইসঙ্গে তিনি বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান আবারও পুনর্ব্যক্ত করেছেন।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটার দুই বছরেরও বেশি সময় পর এই পদক্ষেপের খবর পাওয়া গেল। এ ঘটনা নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা অবস্থায়।
দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট এবং এনআইডি বাতিল করেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে তার মক্কেলের জন্য নতুন নথিপত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। তবে সামগ্রিক বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

















