যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে যোগ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার সংস্থার নিজস্ব ওয়েবসাইটে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর ফলে এখন থেকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ডিএফসির আর্থিক সহায়তার যোগ্য বলে বিবেচিত হবে। দক্ষিণ এশীয় অঞ্চলে ডিএফসির বিনিয়োগ একটি স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করে, যা জ্বালানি, প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তা করে। এই নতুন যোগ্যতা অর্জনের মাধ্যমে অঞ্চলটির সার্বভৌমত্ব রক্ষা ও জোটের শক্তি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ডিএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্বীকৃতি বাংলাদেশের বিশাল অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগকে কাজে লাগানোর একটি অনন্য সুযোগ তৈরি করেছে। সংস্থাটির অর্থায়ন এবং ঝুঁকি হ্রাস করার উপকরণগুলো বিভিন্ন প্রকল্পের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেসব প্রকল্প আগে অর্থায়নের সীমাবদ্ধতা বা অনুভূত ঝুঁকির কারণে বাধাগ্রস্ত হচ্ছিল, সেগুলোকে এগিয়ে নিতে এখন ডিএফসির সহায়তা পাওয়া সহজ হবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় ব্যবসার উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা খাতের প্রসারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত হবে।
এই নতুন সম্ভাবনা নিয়ে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এই যোগ্যতা তাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অবকাঠামো শক্তিশালীকারী প্রকল্পগুলোতে সহায়তা প্রদানের মাধ্যমে তারা বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক দুয়ার উন্মুক্ত করতে চান। একইসঙ্গে এই বিনিয়োগ মার্কিন কৌশলগত স্বার্থকেও এগিয়ে নিতে সাহায্য করবে বলে তিনি মনে করেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্যের প্রসার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে সমর্থনের যে প্রতিশ্রুতি ওয়াশিংটন দিয়েছিল, তা বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগের ফলে উভয় দেশের সমৃদ্ধি আরও দ্রুততর হবে।
















