ভোলার লালমোহন উপজেলায় মাদক নির্মূলে পুলিশের পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। অভিযানে সর্বমোট ২৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হামিদ হাওলাদার বাড়ির মৃত আলী আকবরের ছেলে মো. বেল্লাল (৩০), বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সালাম মুন্সি বাড়ির মো. শাহ আলমের ছেলে মো. আরাফাত ওরফে ইমরান (২৩) এবং ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হকু মৃধা বাড়ির মৃত মালেক মৃধার ছেলে মো. আব্দুর রহমান (২৮)।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গল শিকদার লঞ্চঘাটসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এসআই অসীম চন্দ্র কর্মকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মো. বেল্লালকে ৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একইদিন রাত ১২টার দিকে বদরপুর ইউনিয়নের হাজীরহাট বাজারের উত্তর পাশে মান্নান মাস্টারের বাড়ির সামনে এসআই প্রসেনজিৎ হালদার অভিযান চালিয়ে মো. আরাফাত ওরফে ইমরানকে ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
অভিযানের শেষ পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকার ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন স্থানে এসআই অসীম চন্দ্র কর্মকারের নেতৃত্বে পুলিশ মো. আব্দুর রহমানকে আটক করে। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে এবং এলাকাটিতে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে।

















