পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার এলাকায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ৪২তম বিসিএসে উত্তীর্ণ নাবিলা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্বরত ছিলেন।
নিহতের সফরসঙ্গী ও নিজেকে স্বামী পরিচয় দেওয়া মাইনুল ইসলাম শুভ জানান, শুক্রবার ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে তারা স্থানীয় ওশান ভিউ হোটেলে উঠেছিলেন। শনিবার বিকেলে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে তারা মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাচ্ছিলেন। যাত্রাপথে ভ্যানটির চাকার নিচে একটি বিড়াল পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং যানটি উল্টে যায়। এতে ভ্যানে থাকা অন্য দুই পর্যটকসহ সবাই ছিটকে পড়েন।
দুর্ঘটনার তীব্রতায় ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন নাবিলা নুসরাত। দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকার পিজি হাসপাতালে কর্মরত মাইনুল ইসলাম নিজেও এই ঘটনায় আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি নিজেকে নাবিলার স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন, তবে বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে। নিহতের পরিবারের অভিযোগ ও ঘটনার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

















