ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল নামে আলাদা ইউনিয়ন গঠন এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রতিবাদে ফুসে উঠেছেন এলাকাবাসী। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
এই অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট গুরুত্বপূর্ণ এই দুটি রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
স্থানীয়দের ভাষ্যমতে, চলতি বছরের মে মাসে সদর উপজেলার কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম নিয়ে নতুন ‘বরিশল’ ইউনিয়ন গঠন করে তা আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। গত ৪ জুন এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়। এর প্রতিবাদে এলাকাবাসী শুরু থেকেই দাবি জানিয়ে এলেও কোনো সমাধান হয়নি। সাম্প্রতিক সময়ে সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে নতুন একটি উপজেলা করার প্রস্তাব উত্থাপিত হয়। বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ করলেও তার কোনো সুরাহা মেলেনি। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেন ওইসব ইউনিয়নের মানুষ।
জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠালে ক্ষোভ আরও তীব্র হয়। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা জানমালের ক্ষয়ক্ষতি রোধে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সেজন্য নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।

















