জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ নভেম্বর) রাতে পাঁচবিবি-হিলি সড়কে পরিচালিত বিশেষ অভিযানে এগুলো উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৩ কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী একটি চক্র হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারতে পাঠানোর চেষ্টা করছে এমন গোপন তথ্য পেয়ে বিজিবি সদস্যরা তৎপর হয়ে ওঠে। পাঁচবিবি চেকপোস্ট এলাকায় তল্লাশি চালানোর সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামালগুলো ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৬০টি বিভিন্ন দেশের প্রায় ৫৭০টি মুদ্রা। বিজিবির হিসাব অনুযায়ী, এসব মুদ্রার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এছাড়া ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তুটির মূল্য ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বর্তমানে জব্দকৃত মালামালগুলো বিজিবি ব্যাটালিয়ন সদরের কঠোর নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো মূর্তিসদৃশ বস্তুটি পাহাড়পুর বৌদ্ধবিহার-সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রাগুলো সরকারি নিয়মানুযায়ী সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

















