বিশ্বজুড়ে মাইক্রোসফটের সার্ভার বিপর্যয়ের ফলে আউটলুক ইমেইল ও টিমস মিটিং টুলের মতো গুরুত্বপূর্ণ সেবা ব্যবহারে লাখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বিভ্রাটের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংক, সরকারি দপ্তর ও আদালতের নিয়মিত কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, সমস্যার শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই ৭৪টি দেশ ও অঞ্চলে এর প্রভাব ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেবল আউটলুক নিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়ে, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণ বেশি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আউটলুক নিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ আসে, যা স্বাভাবিক সময়ের চেয়ে ২ হাজার গুণ বেশি। কিছু এয়ারলাইন্স তাদের কার্যক্রমে বাঁধার সন্মুখীন হচ্ছে।
প্রযুক্তিগত এই জটিলতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, হংকং, জাপান, ফিলিপাইন, ভারত, বাংলাদেশ ও বৃটেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বড় ধরনের সংকটে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের কর্তৃপক্ষ ইমেইল সেবা বিঘ্নিত হওয়ায় বাসিন্দাদের জরুরি প্রয়োজনে ফোনের মাধ্যমে যোগাযোগের পরামর্শ দিয়েছে। একই পরিস্থিতি দেখা গেছে হংকংয়ের আর্থিক খাতে, যেখানে মরগান স্ট্যানলি ও গোল্ডম্যান স্যাকসের কর্মীরা কাজের ব্যাঘাতের কথা জানিয়েছেন। এছাড়া এয়ারলাইন্সগুলোর কার্যক্রম, ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো এআই পরিষেবাগুলোও এই বিভ্রাটের শিকার হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও বিবিসি।
মাইক্রোসফটের ওয়েবসাইট অনুযায়ী, তাদের মাইক্রোসফট ৩৬৫ অ্যাপটি ৪৩ কোটির বেশি মানুষ ব্যবহার করেন এবং ফরচুন ৫০০ কোম্পানিগুলোর ৯০ শতাংশের বেশি কোপাইলট এআই চ্যাটবট ব্যবহার করে। শুক্রবার সকালে প্রতিষ্ঠানটি জানায় যে, সমস্যা সমাধানে আংশিক সাফল্য পাওয়া গেছে। সার্ভারের কর্মক্ষমতা পর্যালোচনা ও ট্র্যাফিক অপটিমাইজেশনের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার কাজ চলছে। মাইক্রোসফটের একজন নির্বাহী স্পষ্টভাবে জানিয়েছেন, এটি কোনো নিরাপত্তা ত্রুটি বা সাইবার হামলার ঘটনা নয়। মূলত কিছু সার্ভার হঠাৎ অচল হয়ে পড়ায় বাকি সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, যা পুরো সিস্টেমকে ধীর ও অকার্যকর করে দিয়েছে।
এই বড় ধরনের বিপর্যয় বিশ্বজুড়ে ক্লাউড সিস্টেমের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট-এর উপদেষ্টা জেক মুর বলেন, কিছু সার্ভার কাজ না করলে বাকিগুলোর ওপর যে অতিরিক্ত চাপ পড়ে, তা পুরো নেটওয়ার্ককে স্থবির করে দেয়। প্রযুক্তি সাংবাদিক জ্যাকব ওয়ার্ড একে ক্লাউড সিস্টেমের ওপর অতি-নির্ভরশীলতার ঝুঁকিপূর্ণ নিদর্শন হিসেবে অভিহিত করেছেন। ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ নিল শিয়ারিংয়ের মতে, ইউরোপে ইন্টারনেটের পুরো অবকাঠামোই যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর এবং এর কোনো শক্তিশালী প্রতিযোগী নেই। এমন পরিস্থিতির পর ইউরোপ এখন নিজস্ব সক্ষমতা বাড়ানোর বিষয়ে নতুন করে ভাবছে।

















