পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক না কেন, নির্ধারিত সেই মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশিল্প খাতের চলমান অস্থিরতা নিরসনে মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। মজুরি কার্যকরের সময়সীমা প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘‘ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।’’।
বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিত হওয়া নিয়ে কোনো ধরনের চাপ ছিল না বলে স্পষ্ট করেন সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ হয়ে পড়ার কারণে মূলত তৃতীয় সভাটি স্থগিত করা হয়েছিল এবং এটি আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এ সময় ভুয়া কোনো তথ্য বা বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির জেরে বিশৃঙ্খলা বা নৈরাজ্য তৈরি না করতে শ্রমিকদের প্রতি বিশেষ আহ্বান জানান বোর্ড চেয়ারম্যান। একই সঙ্গে সবাইকে শান্ত থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, শ্রমিকদের একটানা আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্য বিশিষ্ট নতুন মজুরি বোর্ড গঠন করে। ওই দিনই শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়। তবে এসব পদক্ষেপের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

















