চলমান সামরিক সংঘাত অবসানের জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব মোর্চায় যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরান কঠোর ও সুনির্দিষ্ট শর্তারোপ করেছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন অপর পক্ষের কাছে এসব প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠানো হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক আলোচনার সর্বশেষ পরিস্থিতির আলোকে এসব শর্ত চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, অঞ্চলটির স্থিতিশীলতা ফেরাতে ইসলামি প্রজাতন্ত্রের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়।
মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওমানের সাথে ইরানের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। উভয় দেশ হরমুজ প্রণালীর নিরাপদ নৌ-চলাচল রুট ও ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণে ঐকমত্যে পৌঁছেছে। আন্তর্জাতিক সংস্থায় বিষয়টি উপস্থাপনের প্রক্রিয়া নিয়েও দুই পক্ষ সমঝোতা করেছে, যা খুব দ্রুতই কার্যকর করা হবে।

















