আফগানিস্তানের সীমান্ত এলাকায় আফগান তালেবান যোদ্ধাদের একাধিক সামরিক স্থাপনা ও সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান এবং পারাচিনার সীমান্ত থেকে এই অভিযান পরিচালনা করে পাক বাহিনী। জিও টিভির তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল, যা শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
পাকিস্তানি সেনাবাহিনীর একটি সূত্র জানায়, গত বুধবার কোনো উস্কানি ছাড়াই আফগান সেনারা আঙ্গুর আড্ডা এলাকায় গুলিবর্ষণ শুরু করে। এতে এক সাধারণ নাগরিক নিহত এবং একই পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনারের ভাষ্যমতে, আঙ্গুর আড্ডা বাজারে বিনা প্ররোচনায় চালানো ওই হামলার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ওই ঘটনার জেরে বুধবারই পাকিস্তান পাল্টা হামলা চালায় এবং শুক্রবার নতুন করে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি বাহিনীর পাল্টা আক্রমণের মুখে আফগান সেনারা তাদের অবস্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই সংঘর্ষে বেশ কয়েকজন আফগান সেনার হতাহতের খবর পাওয়া গেছে বলে দাবি করেছে পাক কর্তৃপক্ষ।

















