শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করে তাকে ধূমপান করতে দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
একটি সংবেদনশীল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্বরত চিকিৎসকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের পাশাপাশি কক্ষটির নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে প্রধানমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ঘটনার পরপরই তিনি হাসপাতালটির পরিচালন পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের সার্বিক স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা এবং সকল চিকিৎসক ও কর্মীদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

















