সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর জিসান আহমেদ (২৩) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁধের দক্ষিণ পাশ থেকে ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জিসান গাজীপুরের একটি প্রতিষ্ঠানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকায়। তিনি আকবার আলীর একমাত্র সন্তান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুরের একটি হোটেলে খাবার খেতে আসেন। এরপর তারা যমুনা নদীতে গোসল করতে নামলে জিসান পানির স্রোতে তলিয়ে যান। স্থানীয় জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। তাকে উদ্ধারে বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালালেও ব্যর্থ হন। একপর্যায়ে জিসান পানিতে তলিয়ে যান।
দিনভর চেষ্টার পরও তাকে না পাওয়ায় রাজশাহী থেকে ডুবুরি দলকে তলব করা হয়। সোমবার সকালে ডুবুরিরা অভিযান চালিয়ে জিসানের মরদেহ উদ্ধার করেন। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

















