নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি করেন। নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিবাদ সভায় দুলু বলেন, আওয়ামী লীগ আবার নতুন করে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।
বক্তব্যে হুইপ দুলু আরও বলেন, গত ১৭ বছর ধরে এই নিষিদ্ধ সংগঠনের হাতে নাটোরসহ পুরো দেশের মানুষ জিম্মি ছিল। বিএনপি কখনোই মানুষ পুড়িয়ে বা বাড়িঘর জ্বালিয়ে রাজনীতির পথ বেছে নেয়নি এবং খালেদা জিয়া কিংবা তারেক রহমান এমন রাজনীতি কখনো করেননি। নিজেদের অপকর্মের কারণেই আওয়ামী লীগ আজ বিশ্বজুড়ে সমালোচিত। পৃথিবী বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস তাদের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের চিত্র তুলে ধরে সন্ত্রাসী দল হিসেবে সংবাদ প্রকাশ করেছে, যা প্রমাণ করে তারা বিশ্বস্বীকৃত সন্ত্রাসী দল।
সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ আরও অনেকে।
এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত এই সমাবেশে নেতারা দলটির কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানান। দুলু জোর দিয়ে বলেন, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে মানুষকে জিম্মি করার রাজনীতি তাদের পতনের প্রধান কারণ।

















