বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিমানের আধুনিকায়ন অনিবার্য। নতুন প্রজন্মের এই উড়োজাহাজগুলো দেশের এভিয়েশন খাতকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি স্পষ্ট করেন যে, কেবল নতুন বিমান সংগ্রহ করলেই সাফল্যের নিশ্চয়তা পাওয়া যায় না। এয়ারলাইনের প্রকৃত সাফল্য মূলত পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং কর্মীদের দক্ষতা ও দায়িত্ববোধের ওপরই নির্ভর করে। তিনি বলেন, “শুধু আধুনিক বিমান দিয়ে একটি এয়ারলাইনকে সফল করা যায় না।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত নিরাপত্তা, সততা এবং সময়ানুবর্তিতার সংস্কৃতি গড়ে তোলা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক এয়ারলাইনে রূপান্তর করতে হবে, যা দেশের মানুষের গর্বের প্রতীক হয়ে উঠবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার। এছাড়া বাংলাদেশ সরকার ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

















