বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সেখান থেকে আনুষ্ঠানিক অনুমোদন মিললেই দ্রুততার সাথে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি অনুষ্ঠানের এক ফাঁকে মন্ত্রী এসব কথা বলেন। আগামী মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের বিষয়টি উত্থাপন করা হবে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জানান, প্রকল্পের প্রাথমিক প্রস্তুতিমূলক সব কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সচিবালয় স্থানান্তরের জন্য অতীতে যে মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছিল, সেই পরিকল্পনার আলোকেই বর্তমানে কাজ চলছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার চার মাস আগে থেকেই এই প্রকল্পের বিষয়ে নথিপত্রসহ যাবতীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে।
সরকারপ্রধানের সদিচ্ছা ও নির্দেশনার কথা উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, বর্তমান সরকারের নির্ধারিত সময়সীমার ভেতরেই সব নির্মাণকাজ শেষ করে সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়া মাত্রই এই স্থানান্তর প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

















