জাপানের সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারত্ব আরও গভীর করার লক্ষ্যে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগের পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যেই শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। বৈঠকে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে পরিচিত। অতীতে দেশটির আর্থিক সহায়তায় বাংলাদেশে বেশ কিছু বড় অবকাঠামো ও সামাজিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নতুন নতুন চুক্তি সম্পাদনের কার্যক্রমও চলমান রয়েছে।

















