রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এতে স্বাক্ষর করেছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের উত্তর শাখার একটি দল আব্দুল্লাহ আল জহিরের ওই বাসায় অভিযান চালায়। অভিযানে সেখানে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আসর চলছিল বলে নিশ্চিত হয় ডিবি। এ সময় ইয়াবা, গাঁজা ও মদসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। ওই ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, একজন দায়িত্বশীল কর্মকর্তার বাসায় এ ধরনের কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে এই ঘটনা জনমনে বাহিনীর প্রতি নেতিবাচক ধারণা তৈরি করেছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয় যে, এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় শৃঙ্খলা ও নিয়মের পরিপন্থি। এ ঘটনার প্রেক্ষিতে তদন্ত চলমান থাকাবস্থায় তাকে সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

















