মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। একই আদেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদের আদি নিবাস বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিতি পেলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতিবঞ্চিত ছিলেন। ২০০৯ সালে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতির নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। বগুড়ায় বাড়ি হওয়ায় রাজনৈতিক বিবেচনায় অত্যন্ত সৎ, মেধাবী ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা হওয়ার পরও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন আসে। সে সময় ফারুক আহমেদ পুলিশ সুপার থেকে পদোন্নতি পান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক কাজে পেশাদারিত্বের পরিচয় দেওয়ার পর তাকে র্যাবে বদলি করা হয়। পরবর্তীতে চলতি বছরের ৪ জুন সরকার ফারুক আহমেদসহ পাঁচ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় এবং ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) থেকে বদলি করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। এবার নতুন দায়িত্ব নিয়ে এসআরবি মহাপরিচালকের চেয়ারে বসলেন এই অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা।

















