মঙ্গলবার (৩ নভেম্বর) শেরপুর সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের উপদ্রব ছড়িয়ে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আক্রান্ত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) এবং আইজউদ্দিন (৭০)সহ অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, একটি পাগলা কুকুর দলবল নিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায় এবং সামনে যাকে পেয়েছে তাকেই আক্রমণ করেছে। এ ছাড়া অন্য আহত ব্যক্তিরাও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, বর্তমানে চিকিৎসাধীন আহতদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত টিকার সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তীতে কোনো ভুক্তভোগী চিকিৎসা নিতে এলে তাদেরও প্রয়োজনীয় টিকা ও স্বাস্থ্যসেবা দেওয়া হবে।











