বিগত সরকারের আমলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ফরেনসিক অডিট চালিয়ে এই গরমিলগুলো চিহ্নিত করা হয়েছে।
খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান নিয়ে কাজ করা অসম্ভব, যা মূলত নিজের সাথেই প্রতারণার শামিল। তিনি স্পষ্ট করেন যে, কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে নয়, বরং অতীত অনিয়মের গভীরে পৌঁছানোর লক্ষ্যেই এই অডিট পরিচালনা করা হয়েছে। তথ্য যত বেশি উন্মুক্ত হবে, ভুলগুলো তত দ্রুত সামনে আসবে এবং সংশোধনের সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিসংখ্যান ব্যুরোর স্বচ্ছতা বজায় রাখতে বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের কাছে তথ্যই সবচেয়ে বড় সম্পদ। এছাড়া পরিসংখ্যান বিভাগে বিদ্যমান জনবলের ঘাটতি পূরণের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে অডিট রিপোর্টটি শিগগিরই প্রকাশ করা হবে।

















