ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা তৈরির লক্ষ্য নিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রতিমাটি নির্মাণের পর তা বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা হিসেবে স্বীকৃত হবে বলে আশা করছেন আয়োজকরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল। এসময় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এছাড়া ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ এবং সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জগন্নাথ হল ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় আচার পালন করে আসছেন। তিনি আরও বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ গড়তে হলে পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করা একান্ত প্রয়োজন। সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে এবং কোনো রকম সাম্প্রদায়িক সংঘাতমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। ধর্ম ও সংস্কৃতির এই মেলবন্ধন অসাম্প্রদায়িক চেতনাকে আরও সুদৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের পরিবেশ বজায় রাখা একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বক্তারা এই উদ্যোগকে জগন্নাথ হলের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের এক নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বৈচিত্র্যময় মাত্রা যোগ করবে। উল্লেখ্য, বিদ্যা ও শিল্পের দেবী হিসেবে পূজিত সরস্বতী দেবীর এই বিশালাকৃতির প্রতিমা নির্মাণ জগন্নাথ হলের ইতিহাসে একটি ঐতিহাসিক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবছর সরস্বতী পূজা উপলক্ষে এখানে শিক্ষার্থী ও দর্শনার্থীদের যে ব্যাপক সমাগম হয়, তা এই নতুন উদ্যোগের মাধ্যমে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

















