সাজার বিরুদ্ধে আপিল করার আইনগত সময়সীমা শেষ হওয়ায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে তার সাজা বা ফাঁসি কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, দণ্ডপ্রাপ্ত ও দেশের বাইরে পলাতক থাকা শেখ হাসিনার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার আইনগত কোনো ভিত্তি বা সুযোগ নেই। আইন অনুযায়ী, ন্যূনতম দুই বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। তাই সরকারিভাবে তাকে ট্রাভেল পাস বা পাসপোর্ট দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।
তিনি আরও জানান, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ শেখ হাসিনার পক্ষে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদন করেছে।
বিষয়টি হাস্যকর উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, যিনি পাসপোর্ট চাচ্ছেন তিনি নিজে বা তার দল থেকে কোনো আবেদন আসেনি। আবেদন করেছে একটি বিদেশি আইনি সংস্থা। এ ছাড়া শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন কি না, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক দলিলপত্র ট্রাইব্যুনাল এখন পর্যন্ত হাতে পায়নি। তিনি কেবল মানবিক কারণে সেখানে আশ্রয় পেয়েছেন বলেই ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন।
শেখ হাসিনার দেশে ফেরার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে চিফ প্রসিকিউটর বলেন, তার বাংলাদেশে আসার কোনো ইচ্ছা নেই। মামলা চলাকালে তিনি আত্মপক্ষ সমর্থন করেননি, এমনকি রায় ঘোষণার পর নির্দিষ্ট ৩০ দিনের মধ্যে আপিল দায়েরের সুযোগ থাকলেও তিনি তা করেননি। বর্তমানে তার আপিল করার আর কোনো আইনি পথ খোলা নেই। তিনি যদি সত্যিই ফিরতে চান, তবে ভারত সরকারকে লিখিতভাবে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে পাঠানোর আবেদন করতে পারেন, যা সঠিক আইনি প্রক্রিয়া হবে। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল দায়ের করতেন। শেখ হাসিনাকে উদ্দেশ করে চিফ প্রসিকিউটর বলেন, আপনি যদি সত্যিকার অর্থে দেশে আসতে চান, তাহলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা নিজের আত্মীয়স্বজনসহ নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলে এখন বিদেশ থেকে পাসপোর্ট চাওয়ার অপতৎপরতা চালিয়ে তিনি দলগতভাবে আরও বড় ভুল করছেন। পাশাপাশি, ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার যেসব অডিও বক্তব্য শোনা যাচ্ছে, সেগুলোর সত্যতা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। কারণ, তার ব্যক্তিগত কোনো বক্তব্য এখন পর্যন্ত আইনগতভাবে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আপনি আপনার আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এই দেশ থেকে পালিয়েছেন। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন। যেসব অডিও বক্তব্য সামনে আসে, সেগুলো আদৌ শেখ হাসিনার বক্তব্য কিনা, তা নিয়ে সন্দেহ আছে।

















