ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও অবৈধ পণ্য চলাচল নিয়ন্ত্রণে নতুন এক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের বিশেষ এই বাহিনী এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে। মূলত ইরানের ওপর চলমান নৌ অবরোধকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই ওয়াশিংটন এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের ভেতরে পণ্য প্রবেশ ও বাইরে যাওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়বে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। আট মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ জোরদারের অংশ হিসেবে এই বিশেষ ইউনিটটি কাজ করবে। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে। এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়।
সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, নতুন এই বাহিনীর মূল লক্ষ্য হলো ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, সামরিক সরঞ্জামের মজুত বাড়ানো এবং অস্ত্র কারখানা পুনর্গঠনের সক্ষমতা সীমিত করে ফেলা। ফ্লোরিডাভিত্তিক এই বাহিনীতে সামরিক ও বেসামরিক সদস্যরা রয়েছেন, যারা বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। তাদের নজরদারিতে রয়েছে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর, যেখান দিয়ে দ্বৈত প্রযুক্তিসহ বিভিন্ন নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করাই তাদের প্রধান দায়িত্ব।
এদিকে যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগকে ব্যর্থ বলে প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ওয়াশিংটন বিভিন্ন নামে যে অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা করছে তা কখনোই সফল হবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে তিনি আরও বলেন, চরম অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া বা দেশটিকে ভেঙে ফেলার মার্কিন লক্ষ্য পূরণ হবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক পথ বন্ধ করার সামর্থ্য যুক্তরাষ্ট্রের নেই বলেও তিনি মন্তব্য করেন। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এর আগে মার্কিন নৌ অবরোধের ফলে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি আটকে গেছে।

















