শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও যুগোপযোগী করতে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে। নতুন এই নির্দেশনায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়স, আসন সংখ্যা, পরীক্ষার ধরন এবং ফি সংক্রান্ত বিষয়গুলোতে সুস্পষ্ট বাধ্যবাধকতা রাখা হয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে ৬ বছর থেকে ৭ বছরের কম হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ অবশ্যই ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জনের বেশি রাখা যাবে না এবং শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। শিক্ষার্থীদের বয়স এবং শিক্ষাবর্ষ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি এবং অবশ্যই ৭ বছরের কম হতে হবে (জন্ম তারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ পর্যন্ত)।
ভর্তি পদ্ধতি নিয়ে নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ডিজিটাল লটারি ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে এবং সমসংখ্যক অপেক্ষমান তালিকা সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনের বিপরীতে মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পূর্ণমান দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণির জন্য ৫০ নম্বর (বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০; সময় ১ ঘণ্টা) এবং চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য ১০০ নম্বর (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০; সময় ২ ঘণ্টা) নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম বিতরণের জন্য স্কুলগুলোকে কমপক্ষে ৭ কার্যদিবস সময় দিতে হবে।
আবেদন ফরম ও ভর্তি ফি নির্ধারণেও নতুন নীতিমালা কঠোর অবস্থান নিয়েছে। প্রথম শ্রেণির জন্য অনলাইন আবেদন ফরমের দাম সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা করা হয়েছে। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ভর্তি ও সেশন চার্জসহ সর্বসাকুল্যে ফি মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর উপজেলা এলাকায় ১,০০০ টাকা, পৌর জেলা সদর এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা বাদে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না। এছাড়া ঢাকা মহানগরের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে উন্নয়ন ফিসহ সর্বোচ্চ ১০,০০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
সংরক্ষিত কোটার ক্ষেত্রে নীতিমালায় সুনির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, এতিমখানায় বসবাসরত শিশুদের জন্য ১ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, সহোদরদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

















