বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এদিন সকালের দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে তারা মহাসড়কে নেমে আসেন। বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।
শ্রমিকদের এই অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়। পরে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়লে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে, চলমান পরিস্থিতির কারণে মৌচাক ও আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

















