ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, এটি ছিল একটি অনানুষ্ঠানিক আলোচনা।
বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পিটার হাস বর্তমানে একজন বেসরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আলাপচারিতার বিষয়ে তিনি জানান, তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে আলোচনা হয়েছে। এটি ছিল মূলত এক ধরনের সৌজন্যমূলক ও অনানুষ্ঠানিক বৈঠক। মানে, ইনফরমাল মিটিং, আমাদের ইনফরমাল ডিসকাশন, কথাবার্তা। মানে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর নিয়ে আলাপ হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পিটার হাস ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় তার নানা তৎপরতা নিয়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। কূটনৈতিক ক্যারিয়ার থেকে অবসরের পর ২০২৫ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপিসহ বিরোধীদের বয়কটের মধ্যে ২০২৪ সালের জানুয়ারিতে ওই নির্বাচনের আগে-পরে ঢাকায় তার দৌড়ঝাঁপ বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।

















