দুই দিন শান্ত থাকার পর সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এর এক ঘণ্টা পর সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে সড়কে জড়ো হন। তারা রাস্তায় বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ ও বিজিবির সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়। পুলিশের দাবি, এ সময় শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন।
বেলা ১১টার দিকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে, যখন রাজফুলবাড়িয়া এলাকায় একেএইচসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ ও সাভার মডেল থানার এসআই ইবনে ফরহাদ জানান, ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টাও ব্যর্থ করে দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার শ্রম আইনের ১৩(১) ধারার আওতায় শিল্পাঞ্চলে আটটি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া পাঁচটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গত দুই দিন পরিস্থিতি শান্ত থাকায় বন্ধ থাকা কারখানার সংখ্যা কমে এলেও মঙ্গলবার সকালে পুনরায় অসন্তোষ শুরু হওয়ায় শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

















