মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে রবিবার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালান পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনায় মহাসড়কে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রবিবার সকালে হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। পরবর্তীতে কারখানাগুলোয় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এপিবিএন, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা আনসার রোডের দিকে অগ্রসর হয়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন এবং পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশের পাল্টা পদক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়ক দখল করে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করেছে।

















