চলমান ‘উইন্টার হিরোস’ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশসহ সাতটি দেশে খাদ্য ও শীতবস্ত্রসহ ৭০টি মানবিক ত্রাণ বহর পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার চ্যারিটি। তীব্র শীতের প্রকোপে বিপর্যস্ত বাস্তুচ্যুত মানুষ, শরণার্থী এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ত্রাণ বহরগুলোর মাধ্যমে বাংলাদেশ, আফগানিস্তান, লেবানন, সোমালিয়া, সুদান, কেনিয়া এবং জিবুতিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। দীর্ঘমেয়াদি সংকট, প্রাকৃতিক দুর্যোগ এবং মৌসুমি দুর্ভোগের কবলে থাকা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাসের ওপর ভিত্তি করেই এই দেশগুলোকে নির্বাচন করা হয়েছে। প্রতিটি ত্রাণ বহর বাবদ ১ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল খরচ ধরা হয়েছে, যা অন্তত ১ হাজার ৫০০ জন মানুষের জরুরি চাহিদা মেটাবে বলে আশা করা হচ্ছে। এসব বহরে খাদ্যদ্রব্যের পাশাপাশি কম্বল, শীতকালীন কিট এবং জ্বালানি ভাউচার অন্তর্ভুক্ত থাকবে।
কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দানশীল ব্যক্তিরা কাতার চ্যারিটির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে অনুদান দিতে পারবেন। এছাড়া ৪৪২৯ ০০০০ নম্বরে কল করে বা অ্যাপের মাধ্যমে অনুদান সংগ্রহকারী বা কালেক্টরের সাথে সাক্ষাতের অনুরোধ করা যাবে। সরাসরি অনুদান প্রদানের জন্য কাতার চ্যারিটির বিভিন্ন শাখা এবং শপিং মলগুলোতে অবস্থিত সংগ্রহ কেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে। দাতা চাইলে একটি সম্পূর্ণ বহরের দায়িত্ব নিতে পারেন অথবা সর্বনিম্ন ৫০ কাতারি রিয়াল থেকে শুরু করে যেকোনো অংকের অনুদান দিতে পারবেন। দাতারা চাইলে একটি পুরো বহরের ব্যয় বহন করতে পারেন অথবা সর্বনিম্ন ৫০ কাতারি রিয়াল থেকে আংশিক অনুদানও দিতে পারবেন।
শীতকালীন ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে কাতার চ্যারিটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশে মানবিক সহায়তা পরিচালনা করে আসছে।
২০২১ সালের শীতকালীন ক্যাম্পেইনে সংস্থাটি তুরস্ক-সিরিয়া সীমান্ত দিয়ে ২০০টি ট্রাকের একটি বহর পাঠিয়েছিল, যা সিরিয়ার বাস্তুচ্যুত পরিবার ও জর্ডান-লেবাননে থাকা শরণার্থীদের জন্য ১ লাখ ২০ হাজার মানুষের প্রয়োজন মেটায়। এছাড়া ২০২৩ সালে ‘ওয়ার্ম হার্টস’ ক্যাম্পেইনের অধীনে লেবাননের আরসাল, আক্কার ও বেকা অঞ্চলে ত্রাণ পাঠানো হয়। সেই মিশনে ১ হাজার ২০০টি খাদ্য ঝুড়ি, ১ হাজার ৯০০টি শীতকালীন কিট, ৩০০ প্যাকেট হিটিং সামগ্রী এবং ২২৫টি তাঁবুর ত্রিপল বিতরণ করা হয়েছিল।
মানবিক সেতুবন্ধনের অংশ হিসেবে আকাশ ও স্থলপথে নিয়মিত ত্রাণ সরবরাহ বজায় রেখেছে সংস্থাটি। ২০২৬ সালের অক্টোবরে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, হামাদ মেডিকেল করপোরেশন ও অ্যাসপেটারের সহযোগিতায় সুদানে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামবাহী ৫০টি ট্রাকের বহর পাঠিয়েছিল তারা। এছাড়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মিসর ও জর্ডানের মাধ্যমে গাজা উপত্যকায় পরিচালিত কাতারের বৃহত্তর মানবিক কার্যক্রমেও কাতার চ্যারিটি সক্রিয়ভাবে অবদান রেখেছে। এ ছাড়া স্থল ও আকাশপথে মানবিক সেতুবন্ধনের মাধ্যমেও সংকটাপন্ন এলাকাগুলোতে জরুরি ত্রাণ পৌঁছে দিচ্ছে সংস্থাটি।

















