বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের চালানো হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দোহা মনে করে, এই কর্মকাণ্ড বাহরাইনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং প্রতিবেশীসুলভ আচরণের মূল নীতির সাথে সাংঘর্ষিক ও চরম লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, কাতার যেকোনো ধরনের অর্থনৈতিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষের ওপর হওয়া হামলাকে দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করে। এ ধরনের আক্রমণ কেবল আঞ্চলিক উত্তেজনাকেই বৃদ্ধি করে না, বরং এটি অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে।
একই সঙ্গে বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে কাতার জানিয়েছে, নিজেদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে বাহরাইন সরকার যেকোনো বৈধ পদক্ষেপ গ্রহণ করলে দোহা তাতে পূর্ণ সমর্থন দেবে।

















