বিলাসবহুল গয়নার নকশায় এসেছে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘদিন ধরে ব্যাগ, জুতা বা পোশাকে চামড়ার একচ্ছত্র ব্যবহার থাকলেও গয়নার জগতে এর ভূমিকা ছিল একেবারেই গৌণ। তবে সেই ধারা ভেঙে এখন সোনা, রুপা, হীরা ও মূল্যবান রত্নপাথরের সঙ্গে চামড়া মেলবন্ধন ঘটিয়ে অনন্য সব আংটি, ব্রেসলেট ও নেকলেস তৈরি করছে বিশ্বখ্যাত ফ্যাশন ও গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। চামড়া বুনন, বিশেষ কায়দায় পেঁচানো কিংবা পুঁতি তৈরির অভিনব কৌশলে এসব গয়নায় আনা হচ্ছে নতুন বৈচিত্র্য। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বিলাসবহুল পণ্যের এই নতুন প্রবণতার চিত্র উঠে এসেছে।
গয়নার মূল নকশায় চামড়াকে আকর্ষণীয়ভাবে তুলে ধরার ক্ষেত্রে অনন্য উদ্যোগ নিয়েছে ব্রাজিলের গয়না ডিজাইনার আরা ভার্তানিয়ান ও হেলিও আসকারির যৌথ প্রয়াস। হাতে তৈরি বাইসাইকেল, চামড়া, ধাতু ও কাঠের পণ্যের জন্য পরিচিত আসকারি বাইসাইকেলসের প্রতিষ্ঠাতা হেলিও আসকারি তাঁর বিশেষ বুননকৌশল এতে কাজে লাগিয়েছেন। শৈশবে দাদাকে বেতের ঝুড়ির হাতলে চামড়া পেঁচাতে দেখে অনুপ্রাণিত হওয়া আসকারি শক্ত কাঠামোর ওপর সরু চামড়ার ফিতা পেঁচিয়ে গয়নার কাঠামোর নতুন কৌশল তৈরি করেন।
চলতি বছরের শুরুর দিকে তারা দুই ডিজাইনার মিলে সীমিত সংস্করণের একটি গয়নার সংগ্রহ বাজারে আনেন, যেখানে দুটি ব্রেসলেট ও একটি আংটি রয়েছে। এর মধ্যে প্রথম ব্রেসলেটটিতে হাতে বোনা চামড়ার সাথে দুটি বড় সবুজ টুরমালিন রত্নপাথর এবং হাতুড়ির পেটাই নকশার ধাতু যুক্ত করা হয়েছে। অন্যদিকে আংটিটির মাঝখানে একটি প্রধান রত্নপাথর রেখে তার চারপাশে সমতল পৃষ্ঠের কাঠামো গঠন করা হয়েছে। এই সংগ্রহে সাদা হীরা, কালো হীরা ও চুনি বসানো বৈচিত্র্যময় আংটি পাওয়া যাচ্ছে।
ডিজাইনে চমক এনেছেন লন্ডনভিত্তিক গয়না ডিজাইনার লিলি গ্যাব্রিয়েলাও। চলতি বছর প্যারিস কুতুর ফ্যাশন শো চলাকালে তিনি ‘ওফিডিয়া’ নামের একটি দৃষ্টিনন্দন নেকলেস প্রকাশ করেন। এতে নৈতিকভাবে সংগৃহীত সাপের চামড়া দিয়ে তৈরি পুঁতি ব্যবহার করা হয়েছে, যার মাঝেমধ্যে যুক্ত করা হয়েছে হীরাখচিত হলুদ সোনার সূক্ষ্ম অংশ। গ্যাব্রিয়েলার পরিকল্পনা অনুযায়ী, এই সংগ্রহ সামনে বিভিন্ন রং ও রত্নপাথরের সমন্বয়ে আরও বিস্তৃত করা হবে।
তবে বিলাসবহুল গয়নায় চামড়ার ব্যবহার পুরোপুরি নতুন নয়। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান তাতেওসিয়ান দীর্ঘদিন ধরেই চামড়া দিয়ে গয়না বানিয়ে আসছে, যা বিশেষ করে পুরুষদের ব্রেসলেটে তাদের সুপরিচিত পরিচয় এনে দিয়েছে। প্রতিষ্ঠানটি কালো, বাদামি বা গাঢ় নীল রঙের চামড়ার সঙ্গে বিশেষ মানের রুপা (স্টার্লিং সিলভার) এবং ক্ষেত্রবিশেষে কার্বন ফাইবার যুক্ত করে।
তাতেওসিয়ানের অন্যতম জনপ্রিয় নকশা ‘পপ রিগাতো পেলে’ ব্রেসলেটটি কবজিতে দুবার পেঁচিয়ে পরা যায়, যা পাওয়া যাচ্ছে তিনটি পৃথক রঙে। এছাড়া তাদের ‘চার্লস ক্লিক পেলে’ ব্রেসলেটে চামড়ার ফিতার সাথে যুক্ত রয়েছে চমকপ্রদ রুপার আটকানোর অংশ। সব মিলিয়ে চামড়া কেন্দ্রিক কয়েক ডজন নকশার সংগ্রহ রয়েছে এই ব্র্যান্ডটির।
ইতালির বিশ্বখ্যাত বিলাসপণ্য প্রস্তুতকারক গুচি এবং মিলানভিত্তিক গয়না নির্মাণকারী প্রতিষ্ঠান পোমেলাতো যুক্তভাবে গয়নায় চামড়ার ব্যবহারকে উচ্চমাত্রায় নিয়ে গেছে। ২০২৫ সালে এ দুটি প্রতিষ্ঠান মিলে ‘মোনিলি’ নামের একটি বিশেষ গয়নার সংগ্রহ উন্মোচন করে। ইতালির ফ্লোরেন্সে আয়োজিত গুচির ক্রুজ ২০২৬ ফ্যাশন শোতে প্রথমবারের মতো এই সংগ্রহ প্রদর্শন করা হয়েছিল।
মোনিলি সংগ্রহের মূল বিশেষত্ব হলো, এতে গুচির চামড়াজাত পণ্য বানানোর ঐতিহ্যগত দক্ষতার সঙ্গে যুক্ত হয়েছে পোমেলাতোর সোনা ও রত্নপাথর বসানোর দীর্ঘ অভিজ্ঞতা। এই সংগ্রহের গয়নাগুলোতে বাদামি ও কালো চামড়ার পাশাপাশি গোলাপি বা সাদা সোনা এবং অগুণতি ছোট হীরার কাজ রয়েছে। হীরাখচিত সোনা ও মসৃণ চামড়ার অপূর্ব সমন্বয়ে তৈরি এসব গয়নায় গিট দেওয়া নেকলেস থেকে শুরু করে চওড়া ব্রেসলেট অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যান্য ডিজাইনারদের চেয়ে ভিন্ন পথ বেছে নিয়েছেন ব্রিটিশ গয়না ডিজাইনার অ্যানুশকা ডুকাস। তাঁর উদ্ভাবিত ‘লাভলিংক’ ব্রেসলেটে ১৪ ক্যারেট সোনার একটি বিশেষ অংশের সাথে চামড়ার ফিতা জুড়ে দেওয়া হয়েছে। নারী ও পুরুষ উভয়ের ব্যবহারের উপযোগী এই ব্রেসলেটের চামড়া সরবরাহ করে ব্রিটিশ চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কনোলি, যেখানে তারা ব্যবহৃত স্প্যানিশ চামড়ার উদ্বৃত্ত অংশ কাজে লাগায়।
লাভলিংক ব্রেসলেটগুলো লাল, বাদামি, কালো, ক্রিম ও সবুজ—এই পাঁচটি রঙে পাওয়া যায়। ক্রেতারা চাইলে এতে আরও সোনার অলংকার যুক্ত করার সুযোগ পান। কবজিতে দুবার পেঁচিয়ে পরার পাশাপাশি এটি গলার চেইন বা চোকার হিসেবেও পরা যায় এবং প্রতিটির দীর্ঘ সংস্করণের বিকল্প রাখা হয়েছে।
মূল্যবান সোনা বা রত্নপাথরের আভিজাত্যের পাশাপাশি চামড়া গয়নায় এনে দেয় এক ধরনের স্বচ্ছন্দ ও অনানুষ্ঠানিক সৌন্দর্য। ঐতিহ্যবাহী উপাদানের সীমানা পেরিয়ে আধুনিক গয়নার বৈচিত্র্যময় বাজারে চামড়া তাই নিজস্ব সুনির্দিষ্ট অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে।

















