আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘এবার স্থানীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে না, নির্বাচন সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক হবে।’ মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন পদ্ধতি ও দলীয় প্রভাব
আওয়ামী লীগ সরকারের সময়ের নির্বাচনী কাঠামোর সমালোচনা করে উপদেষ্টা উল্লেখ করেন, তৎকালীন সময়ে স্থানীয় সরকারের প্রধান পদগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন হতো। তবে এবার সেই ধারা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার কথা জানিয়ে তিনি বলেন, প্রার্থীরা এবার ব্যক্তিস্বাতন্ত্র্য ও নিজস্ব যোগ্যতার ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে কে কোন দলের, তা মুখ্য নয়। অতীতে দলীয় প্রতীকের কারণে যে সীমাবদ্ধতা ছিল, তা কাটিয়ে এবার সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় নির্বাচন অংশগ্রহণমূলক হতে বাধ্য।’
শেখ হাসিনা ইস্যুতে অবস্থান
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চায়। ভারত সরকারকে এ বিষয়ে বারবারই আহ্বান জানানো হয়েছে।’ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে হলে ভারতকে হাসিনার বিষয়ে তাদের চিন্তাধারা পরিষ্কার করতে হবে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যখন ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে, সেই ইস্যুগুলোর মধ্যে এগুলো ছিল। আমি তাকে আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা এবং অন্য যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের অবস্থানটা এ রকম আছে। বাংলাদেশের সঙ্গে ওয়ার্কিং এনগেজমেন্টের জন্য তাদের এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।’













