রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম পুলিশদের এক মহাসমাবেশে বড় ধরনের বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আজ শনিবার থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এখন থেকে গ্রাম পুলিশ সদস্যরা মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানরা ১১ হাজার টাকা বেতন পাবেন, যা আগে যথাক্রমে সাড়ে সাত হাজার ও আট হাজার টাকা ছিল।
বেতনের বাইরেও গ্রাম পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও আর্থিক মর্যাদা বাড়াতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী জানান, প্রতিটি সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেওয়া হবে। এছাড়া তাদের যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। বর্তমানে গ্রাম পুলিশ সদস্যরা সপ্তাহে ৩০০ টাকা যাতায়াত ভাতা পান, যা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে গ্রাম পুলিশ প্রধানদের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অবসরকালীন আনুতোষিক ভাতাও বৃদ্ধি করা হয়েছে; এখন থেকে সদস্যরা ৮০ হাজার টাকা এবং প্রধানরা এক লাখ টাকা করে পাবেন। এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে বলে জানান তিনি।
পেশাগত মর্যাদার অংশ হিসেবে আগের ‘মহল্লাদার’ ও ‘দফাদার’ পদবির পরিবর্তে এখন থেকে যথাক্রমে ‘গ্রাম পুলিশ সদস্য’ ও ‘গ্রাম পুলিশ প্রধান’ হিসেবে তাদের পরিচিত করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নারী গ্রাম পুলিশদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসের করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে কাজের স্বীকৃতি হিসেবে একটি দীর্ঘ সড়ক গ্রাম পুলিশের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে। ওই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে এবং সেই গাছ বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ইউনিয়নের গ্রাম পুলিশদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া দীর্ঘমেয়াদী যাতায়াতের সুবিধার জন্য গ্রাম পুলিশ সদস্যদের সাইকেল দেওয়ার সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন থেকে সাড়ে তিন বছর পর পর নির্ধারণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। গ্রাম পুলিশদের সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। এর আগে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আজ শনিবার বেলা পৌনে ১২ টার দিকে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের এই সমাবেশে যোগ দেন তিনি।
















