প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর চলাকালে ডুমুরিয়া উপজেলায় তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত ৩৫ বছর বয়সী তরিকুল স্থানীয় ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির সামনে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি তরিকুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
এদিকে বাগেরহাট-মোংলা সফর শেষে বৃহস্পতিবার দুপুরে খুলনায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধানমন্ত্রীর সফরকালীন সময়ে এ ধরনের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, গত ১ ও ২ নভেম্বর খুলনায় পৃথক ঘটনায় চারজন নিহতের পর নতুন করে এই হত্যাকাণ্ডের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

















