সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করা এবং অপতথ্য প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সরকারি ওয়েব পোর্টালগুলোতে নিয়মিত তথ্য হালনাগাদ করার পাশাপাশি নাগরিকদের সহজ ও দ্রুত তথ্য পাওয়ার পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল, ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাউছার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সনাক সদস্য ও ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার এবং টিআইবির এরিয়া ম্যানেজার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে টিআইবির একটি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে জেলার সরকারি দপ্তরগুলোর তথ্য প্রকাশের ঘাটতি উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ঝালকাঠির মোট ৬৭টি সরকারি ওয়েব পোর্টালের মধ্যে মাত্র ১০টিতে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। বিপরীতে তিনটি পোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি। সরকারি দপ্তরগুলোর নোটিশ বোর্ড, খবর, কর্মকর্তা-কর্মচারী, সেবা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য নিয়মিত হালনাগাদ করার ক্ষেত্রে দুর্বলতা দেখা গেছে। বিশেষ করে নোটিশ ও খবরের অংশগুলো নিয়মিত আপডেট করার আগ্রহ বেশ কম বলে পর্যবেক্ষণে উঠে এসেছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এসব ঘাটতি দূর করতে সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তাকে অবিলম্বে নিজ নিজ দপ্তরের ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ করার নির্দেশনা দেন। একই সঙ্গে তথ্য অধিকার আইন অনুযায়ী সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং নাগরিকদের জন্য তথ্য পাওয়ার প্রক্রিয়াটি আরও সহজ ও গতিশীল করার আহ্বান জানান বক্তারা।











