যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হয়রানির শিকার হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নিশ্চিত করতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করতে বলেছে।
এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশ্বজুড়ে সম্মানিত একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে বিদেশের মাটিতে এ ধরনের অপ্রীতিকর আচরণ অত্যন্ত নিন্দনীয়। প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সমর্থক বা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এই অপ্রীতিকর ঘটনাটি ঘটিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক দরবারে বাংলাদেশ ও দেশের জনগণের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভবিষ্যতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশের যেকোনো মর্যাদাবান ও সম্মানিত ব্যক্তির প্রতি এমন অসদাচরণ করা থেকে বিরত থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছে সরকার। একই সঙ্গে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

















