রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সরকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর পরিবহন খাতকে আধুনিক ও সুশৃঙ্খল করার লক্ষ্যেই এই বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে।
বৈঠকটিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত রয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
বৈঠকে মূলত ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনার আমূল পরিবর্তন, সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা চলছে। পরিবহন বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরাও উপস্থিত থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরছেন।

















