তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিস্তা প্রকল্পের সমীক্ষা পরিচালনা এবং কারিগরি সহায়তা প্রদানের ক্ষেত্রে নেদারল্যান্ডসের আগ্রহকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিস্তারিত তুলে ধরে জানান, সভায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, পানিসম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের মন্ত্রী উল্লেখ করেন, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারের এখনই উপযুক্ত সময়। তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদীব্যবস্থাপনার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীও বদ্বীপ রাষ্ট্র হিসেবে দুই দেশের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও অভিজ্ঞতা বিনিময়ের বিশাল সুযোগ রয়েছে বলে মত প্রকাশ করেন। বিশেষ করে ভূমি পুনরুদ্ধারের ক্ষেত্রে নেদারল্যান্ডসের প্রযুক্তি ও অভিজ্ঞতার বিষয়ে তিনি বিশেষ আগ্রহ দেখান।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক ও মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের গৃহীত পদক্ষেপে নেদারল্যান্ডসের মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেছেন। বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় বাংলাদেশ দৃঢ়ভাবে বলেছে, এই সংকটের মূল উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানে। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কৃষিখাতের আধুনিকায়নে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতার পথ প্রশস্ত করার বিষয়েও দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
দেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, রাজনৈতিক দল হিসেবে বিএনপি অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, তাই বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে বদ্ধপরিকর।
সাক্ষাৎ শেষে নেদারল্যান্ডসের মন্ত্রী শুর্দ শুর্দসমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

















