বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা রাসায়নিক শিল্প গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা ও সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আয়োজিত ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, তারা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছেন। বহির্বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের টেক্সটাইল খাতেও নতুন নতুন সুযোগ ও ডিমান্ড তৈরি করা প্রয়োজন। বিশেষ করে দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি স্থাপন করলে তা শিল্পের বিকাশে বড় ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।
টেক্সটাইল খাতে পানির ব্যবহার ও অপচয় রোধে সতর্ক হওয়ার ওপর গুরুত্বারোপ করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের টেক্সটাইল খাতে পানির অপচয় না করার বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পানি একটি মূল্যবান সম্পদ, তাই এর পরিমিত ব্যবহার নিশ্চিত করা জরুরি।’
দেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে মন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ শিল্পের বিকাশে বিশেষ অবদান রেখেছিলেন। এছাড়া বুটেক্স থেকে পাস করা পেশাজীবীদের দেশ ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়টির বিশেষ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

















