নড়াইল জেলায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আলাউদ্দীন জানান, পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রায় এক মাসের প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। জেলার চারটি থানার বিভিন্ন এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ফোনগুলো জব্দ করেন।
এই উদ্ধার অভিযানে উপপরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ, প্রসেনজিত ঘোষ এবং রাকিবুল হাসানসহ পুলিশের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন। ফোন হস্তান্তর অনুষ্ঠানে ডিবি ওসি মো. আলাউদ্দীনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












