নাটোরের লালপুর উপজেলার ঢুষপাড়া (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালিয়ে মো. রেজাউল করিম (৫৫) নামে এক ব্যক্তিকে গাঁজার গাছসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়। আটক রেজাউল ওই গ্রামের মো. আমজেদ প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল রেজাউল করিমের বসতবাড়ির পেছনে রান্নাঘরের পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। সেখান থেকে একটি গাঁজার গাছসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

















