যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম হয়েছে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে একদল ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা তাকে উদ্দেশ্য করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।
বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলার পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও নানা স্লোগান দিতে থাকেন। উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে তার সঙ্গে থাকা সহযোগীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

















