মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন দাবি করেছেন যে, সৌদি আরব ও কাতারে বোমা হামলার ছক কষার অভিযোগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার নিজের অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তবে নিজের এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা বিস্তারিত তথ্য উপস্থাপন করেননি তিনি। কার্লসনের ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে অস্থিরতা উসকে দেওয়ার লক্ষ্যেই ইসরায়েল এমন তৎপরতা চালাচ্ছে।
কার্লসন আরও প্রশ্ন তোলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইসরায়েল কেন অস্থিরতা সৃষ্টি করতে চাইবে? তাঁর দাবি অনুযায়ী, ইরানকে আক্রমণের পাশাপাশি কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও কুয়েতের মতো মিত্র দেশগুলোতেও অস্থিতিশীলতা তৈরি করা ইসরায়েলের কৌশল। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জের ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
এর জেরে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে যে, সাত শতাধিক ড্রোন ও শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাঁচ শতাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এই সংঘাতের ফলে বাণিজ্যিক বিমান চলাচল ও তেল পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটেছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
সর্বশেষ সোমবার সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার ফলে সেখানে সীমিত আকারে আগুন ধরে যায়। যদিও আরামকোর স্থাপনায় হামলার দায় অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের পাল্টা অভিযোগ, আরব দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই এসব ড্রোন হামলা চালাচ্ছে। ইরানকে লক্ষ্যবস্তু করার জন্য আরব রাষ্ট্রগুলোকে উসকে দিতেই এমন তৎপরতা চালানো হচ্ছে বলে দাবি করে তেহরান, যার মাধ্যমে পুরো মুসলিম বিশ্বে বড় ধরনের সংঘাত ছড়িয়ে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

















