রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় অবস্থিত বিআরটিসি বাস টার্মিনালে মধ্যরাতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিকট শব্দে এলাকাটি কেঁপে ওঠে এবং টার্মিনালে পার্ক করে রাখা বাসে আগুনের শিখা দেখা যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চললেও শেষ পর্যন্ত একটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আরও একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, পেট্রোল বোমা ছুড়ে বাসে আগুন দেওয়ার বিষয়টি জানার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
















